প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
চাঁদপুর দিগন্তের দুই দশক পূর্তি উপলক্ষে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত
শামীম মিয়াজী ||
দৈনিক চাঁদপুর দিগন্ত–এর দুই দশক পূর্তি উপলক্ষে চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশন–এর উদ্যোগে ২ আগস্ট রবিবার চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে পারে। পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্বারোপ করে তিনি সাংবাদিকদের সত্য ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।কর্মশালায় দৈনিক চাঁদপুর দিগন্তে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এতে সাংবাদিকতার নৈতিকতা, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, ভুয়া তথ্য শনাক্তকরণ, ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তথ্যনির্ভর, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার উদ্বোধনী বক্তব্য দিয়ে কর্মশালা শুরু হয়। কর্মশালায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ফোকাস মোহনার সম্পাদক এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলম, সাংবাদিক শিহাব উদ্দিন সেলিম এবং দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটোয়ারি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত