প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক কারবারিসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২১ জন কিশোরকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।শনিবার (৩ অক্টোবর) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে গ্রেপ্তার তিন মাদক কারবারি হলেন—মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মল্লিকারচর এলাকার মো. সবুজ (৩৩), গাজীপুরের কাপাসিয়া উপজেলার সুলতানপুর এলাকার নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকার দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)।পুলিশ জানায়, সবুজের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, নুরুল ইসলামের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং দেলোয়ার হোসেনের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২১ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত