প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
মতলবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের কম উপস্থিতি: কেন্দ্রীয় নেতার চরম ক্ষোভ ও হতাশা
ডেস্ক রিপোর্ট ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আশানুরূপ নেতাকর্মীর উপস্থিতি না থাকায় চরম ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত মতলবে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব ও উপস্থিতি কম হওয়ায় এ অসন্তোষ প্রকাশ করা হয়।গত বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ছেংগারচর বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর যুবদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন সরকার শাওন বলেন, “আমরা জানি এই মতলব এলাকা বিএনপির অত্যন্ত মজবুত ও ঐতিহ্যবাহী ঘাঁটি। কিন্তু যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের এমন নগণ্য উপস্থিতি দেখে আমি চরমভাবে হতাশ ও ব্যথিত।”ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কুফল তুলে ধরে ও ব্যক্তিপূজা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো ব্যক্তি বিশেষের আনুগত্য নয়, আমাদের জাতীয়তাবাদী দল ও সংগঠনকে লালন করতে হবে। ব্যক্তির চেয়ে দল ও সংগঠন অনেক বড়। ব্যক্তি আজ আছে, কাল নাও থাকতে পারে; আজ আমি পদে আছি, কাল নাও থাকতে পারি। তাই ব্যক্তিপূজা ছেড়ে দিয়ে দলের আদর্শ ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে কাজ করতে হবে, তবেই আন্দোলন-সংগ্রাম ও দল শক্তিশালী হবে।”বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের ত্যাগী নেতাদের মূল্যায়নের জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে যারা স্বৈরাচারের মামলা-হামলা, জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে সংগ্রাম বজায় রেখেছেন, আগামী দিনে নীতি-নির্ধারক ও স্থানীয় সংসদ সদস্যদের উচিত সেই আন্দোলনমুখী ত্যাগী কর্মীদেরই যথাযথ মূল্যায়ন করা। কোনো সুযোগসন্ধানী, গুপ্ত চর কিংবা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের যেন কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী দলে ঠাঁই বা মূল্যায়ন করা না হয়।”মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপুর সভাপতিত্বে এবং ছেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজীর সঞ্চালনায় উক্ত প্রতিবাদী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মেজবাহউদ্দিন মেজু এবং চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।সমাবেশে মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত