চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলতি বছরে জাটকা রক্ষা অভিযানে জব্দ করা ৩৫টি মাছ ধরার নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।
নিলাম সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ অভিযানের সময় বিভিন্ন সময়ে মেঘনা নদী থেকে জব্দ করা ৩৫টি নৌকা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে মোট ৮ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় নৌকাগুলো বিক্রি হয়। ভ্যাট ও আয়করসহ সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকা।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হোসেন, মোহনপুর
নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল কালামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ
বছর ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দকৃত নৌকাগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জাটকা রক্ষা এবং ইলিশের
উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, সরকারের মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগকে সফল করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। উন্মুক্ত নিলামের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জব্দকৃত নৌকাগুলো বিক্রি করা হয়েছে। কেউ আইন অমান্য করে জাটকা নিধন বা অবৈধভাবে মাছ আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।