ধর্মীয় বিভাজনের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর মন্ডপাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলমগীর সরকার বলেন, “ধর্ম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে এ ধরণের বিভাজনে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদ দর্শন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই সব ধর্মের সব মতের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করি।”
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের ঐকান্তিক সহযোগিতায় এ রথযাত্রা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয় বলে জানান চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী,
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৫নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাসুদুল ইসলাম মমিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বাবু বলরাম গোস্বামী,
মতলব উত্তর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, করুণানির্ঝর নাথ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আয়োজক ধীরেন্দ্র চন্দ্র মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবু রাধেশ্যাম রায় বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ রথ টেনে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।