চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুব বিভাগের উদ্যোগে "যুব সম্মেলন-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৮টায় উপজেলা জামায়াত অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসার দেওয়ান। তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি। যুবসমাজকে নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও মানবকল্যাণে কাজ করতে হবে। তিনি যুবকদের মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মেহেদী হাসান নাজির, ছেংগারচর পৌরসভা জামায়াতের আমীর এইচ এম রবিউল আলম এবং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিন খান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হোসাইন গাজী। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যুবকদের আত্মশুদ্ধি, দক্ষতা অর্জন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন খান। সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাসুদ সরকার।
সম্মেলনে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও জাতির অগ্রযাত্রায় যুবকদের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।
অনুষ্ঠানটি দোয়া ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয়।