চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে টানটান উত্তেজনার মধ্যেই খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে বসুন্ধরা এলপিজি ২-১ গোলে ওটারচর ফুটবল একাদশের বিপক্ষে এগিয়ে ছিল। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়ে খেলা শেষ করা সম্ভব না হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, মঙ্গলবার লস টাইম হিসেবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। ওই সময়ের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে কোন দল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেবে।
খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিফাইনাল ম্যাচের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. খায়রুল হাসান বেনু। পরে তিনি গ্যালারিতে বসে দর্শকদের সঙ্গে উপভোগ করেন শ্বাসরুদ্ধকর এই ম্যাচ। এ সময় তিনি বলেন, “যুবসমাজকে সুস্থ, মাদকমুক্ত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মো. আল আমিন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মুকুল প্রধান এবং গজরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বকাউল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিচুর রহমান, মতলব উত্তর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বাবু বলরাম গোস্বামী, গজরা ইউনিয়ন পরিষদের সদস্য সারফুল আমিন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে সৃষ্টি হয় চরম উত্তেজনা। বসুন্ধরা এলপিজি ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ বাঁশি বাজার আগেই খেলা স্থগিত হওয়ায় দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। গ্যালারিজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গলবারের বাকি ৩০ মিনিটের খেলা ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।