চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান-এর তত্ত্বাবধানে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মো. রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর উপজেলার উত্তর ঠেটালিয়া এলাকায় মো. ইউসুফ সৈয়াল (৪৮)-এর বসতবাড়ির উঠানে অভিযান চালান। এ সময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ৬৭ (সাতষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইউসুফ সৈয়াল (৪৮), পিতা: মৃত আলী আশ্বাদ সৈয়াল, সাং-উত্তর ঠেটালিয়া (সৈয়াল বাড়ি) এবং শিপন প্রধান ওরফে বাবু (২৯), পিতা: মোবারক প্রধান, সাং-মধ্যম ঠেটালিয়া (প্রধান বাড়ি), থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ২৬ জুলাই ২০২৬ রাত ৯টা ৫০ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।