চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী
এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি হান্নান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) একজন নেতা এবং ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলারও আসামি।
সোমবার (৩ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে হান্নান মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি তরপুরচন্ডী এলাকার বাসিন্দা এবং রাজধানীর তেজগাঁওয়ের ২ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা দায়ের হয়, সেই মামলায় তাকে আসামি করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হান্নান মিয়াকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, হান্নান মিয়া ২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলারও একজন আসামি।