মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ২য় রাউন্ডের প্রথম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগষ্ট শুক্রবার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সুজাতপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হাজী ইলিয়াছ পাটোয়ারী।
উদ্বোধনী বক্তব্যে হাজী ইলিয়াছ পাটোয়ারী বলেন, খেলাধুলার মধ্যে থাকলেই যুবসমাজ মাদকসহ নানান অপরাধ থেকে দুরে থাকতে পারবে। এবং শরীর ও মন দুটোই ভাল থাকবে। আমাদের নেতা চাঁদপুর-২ আসনের এমপি ড. জালাল উদ্দিন মাদকমুক্ত মতলব গড়তে কাজ করছেন। তিনি আরো বলেন, যারা ছাত্র তারাও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মেধা বিকাশিত হবে। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করি। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্গাপুর ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ফয়েজ সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, সমাজসেবক মমিন আলী প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহন করেন ডিপি স্পোর্টিং ক্লাব রায়পুর ইসলামাবাদ বনাম নিশ্চিন্তপুর একাদশ। খেলায় কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ৩-২ গোলে ডিপি স্পোর্টিং ক্লাব রায়পুর ইসলামাবাদ বিজয়ী হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন ফরহাদ হোসেন মাস্টার। খেলায় শত শত দর্শক স্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।