মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী একটি র্যালি বের হয়। র্যালিটি ছেংগারচর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
চাঁদপুর জেলা বিএনপি নেতা ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, “আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদককে না বলি, তরুণ প্রজন্মকে রক্ষা করি—সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি।”