মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর সেমিফাইনালের ১ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি নিউরোসাইন্স হসপিটালের সহকারী অধ্যাপক কাম আবাসিক সার্জন ডাঃ বশির আহম্মেদ খান।
উদ্বোধনী বক্তব্যে ডাঃ বশির আহম্মেদ খান বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই ধারাবাহিকতায় যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে। তিনি আরো বলেন, খেলাধুলার মধ্যে থাকলেই যুবসমাজ মাদকসহ নানান অপরাধ থেকে দুরে থাকতে পারবে। এবং শরীর ও মন দুটোই ভাল থাকবে। যারা ছাত্র তারাও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মেধা বিকাশিত হবে। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সুজাতপুর বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক ও যুবদল নেতা মোঃ ইব্রাহিম প্রধান, সুজাতপুর বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হাজী ইলিয়াছ পাটোয়ারী, দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ শাহপরান মাস্টার প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহন করেন বেগমপুর একাদশ বনাম পুর্ব লালপুর স্পোর্টিং ক্লাব। ১-০ গোলে পুর্ব লালপুর স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়ে ফাইনালে উঠেছে। হাজার হাজার দর্শক স্রোতা খেলা উপভোগ করেন।