চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ফতেপুর পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি ওসি মোঃ কামরুল হাসান। পরে র্যালি বের হয়ে স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুল হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এটি একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, মতলব উত্তর থানার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা মাদকে আসক্ত, তাদের ঘৃণা নয়, সচেতনতা, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই শপথ করি, নিজে মাদকমুক্ত থাকব, অন্যকে মাদক থেকে দূরে রাখব এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করব।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার এসআই ময়নাল হক, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন আলাল, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফ, যুবদল নেতা কাজল, ও ছাত্রদল নেতা মোঃ সানীপ্রমুখ।