চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৯ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মতলব উত্তর থানার চান্দ্রাকান্দি এলাকার বেড়িবাঁধ সড়কে রাসেলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ কবির হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পশ্চিম হোসুন্দী এলাকার বাসিন্দা এবং বর্তমানে ছেংগারচর এলাকার বারোআনি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া একই রাতে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকার লিটনের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে রবিউল (২২) ও ইব্রাহিম (২১) নামে দুই যুবককে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মতলব উত্তর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানে মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।