মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এসব অপরাধ ঠেকাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ মানুষকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমন মন্তব্য করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর থানার আয়োজনে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে মাদক বিরোধী র্যালি ও পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন বক্তারা। তাঁরা বিশেষ করে মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি ও অন্যান্য অপরাধের বিষয় অফিসার ইনচার্জ এর নজরে আনেন। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা। সাংবাদিকদের বক্তব্য শোনার পর পুলিশ সুপার বিভিন্ন বিষয় নোট করেন। উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে ওসি মোঃ কামরুল হাসান বলেন, মাদক এখন আর কোনো একক সমস্যা নয়। এটি শুধু পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদকের বিস্তার রোধে পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে এবং একই সঙ্গে ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
মতলব উত্তর উপজেলাবাসীর উদ্দেশে ওসি মোঃ কামরুল হাসান বলেন, অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানান। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনগণের সহযোগিতা কামনা করেন। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মতলব উত্তর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, লুধুয়া মাদ্রাসার সুপার মাওলানা জসিম উদ্দিন খন্দকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার। পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন আরাফাত ইসলাম।