চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে উঠান বৈঠক করেছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ মুন্সী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী বাবুল দেওয়ানের সভাপতিত্বে এবং গজরা ইউনিয়ন যুবদলের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে স্বাগত বক্তব্য দেন গজরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন দেওয়ান।
বক্তব্য দেন আব্দুল কাদের, বিএনপি নেতা আব্দুল জলিল, আলী আমজাদ তপন মুন্সী, গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আমিন মাস্টার, বিএনপি নেতা শাহ আলম মোল্লা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বলরাম গোস্বামী, আল আমিন দেওয়ান, মহিউদ্দিন রিপন ও সাইফুল।
উঠান বৈঠকে হাফেজ মুন্সী বলেন, আমি দীর্ঘদিন ধরে গজরা ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, মাদকমুক্ত সমাজ গঠনসহ এলাকার মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করব। জনগণের মতামত ও পরামর্শ নিয়েই ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।”
তিনি আরও বলেন, গজরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চাই। জনগণ আমাকে যে দায়িত্ব দেবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাচ্চু প্রধান, সদরুল আমিন, ছাত্রদল নেতা আরিয়ান ইসলাম শাহীন, শান্ত, রাজিব প্রধান, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল দেওয়ান, নজরুল ইসলাম ও সুমন মাঝিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উঠান বৈঠকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজন দেওয়ান, আফরুজ দেওয়ান ও কবির দেওয়ান।
বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং গজরা ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন।