চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ৮ নম্বর এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উত্তর বোরচর দেওয়ান বাড়ির নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এসআই মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ১৬টি এক হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, রাত ১২টা ৪৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে জাল নোটগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।