চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উদ্যোগে টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গজরা বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের উপদেষ্টা ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম লস্কর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম লস্কর বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ বাড়ে। তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধের পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং, দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গজরা ইউনিয়ন মাদক প্রতিরোধ পরিষদের সিনিয়র সহসভাপতি মামুন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা মো. জসিম প্রধান ও সহসভাপতি মো. রিপন প্রধান।
টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করেন পরিষদের সাধারণ সম্পাদক মো. মহিব উল্যাহ জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন প্রধান, আকতার হোসেন প্রধান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. শান্ত প্রধান, যুববিষয়ক সম্পাদক সানজিদ আহমেদ পারভেজ ও মো. সাব্বির গাজীসহ অন্যরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।