ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। উপসহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন এবং মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইকবাল হোসেনসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্যোগ প্রাকৃতিক ও মানবসৃষ্ট—এই দুই ধরনের হতে পারে। দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় কৌশল জানতে হবে।
তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধে সচেতনতা শুরু করতে হবে নিজের ঘর থেকেই। গ্যাস সিলিন্ডার ব্যবহার ও বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এর মাধ্যমে নিজের পাশাপাশি অন্যদেরও নিরাপদ রাখা সম্ভব।
পরে অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এ আয়োজনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়।