মতলবের ঘাশিরচরের সন্তান চাঁদের গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠখ্যাত জরিন
গীতিকার রাশিদুল হাসান চাঁদের কথায় প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী মোহাম্মদ মিলনের নতুন গান ‘যে স্বপ্ন’। গানটিতে মোহাম্মদ মিলনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী জরিন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এফএস মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
নতুন গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন বলেন, “রাশেদুল হাসান চাঁদ ভাই এই সময়ে দারুণ লিখছেন। সম্প্রতি তাঁর কথায় কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এই গানটিও আশা করছি সবার ভালো লাগবে।”
গীতিকার রাশেদুল হাসান চাঁদ তাঁর লেখা ও সুরে দেশের বেশ কয়েকজন পরিচিত শিল্পীর জন্য গান তৈরি করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন মনির খান, আকাশ মাহমুদ ও পারভেজ। সম্প্রতি তাঁর লেখা এবং আকাশ মাহমুদ ও লিটা সরকারের কণ্ঠে প্রকাশিত ‘ওরে চামেলি’ গানটি শ্রোতামহলে সাড়া ফেলেছে। এ ছাড়া সজীব ও পূজার কণ্ঠে তাঁর লেখা ‘এতো সুখ’ গানটিও শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে।
রাশেদুল হাসান চাঁদ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঘাশিরচর গ্রামের কৃতী সন্তান। তিনি ম্যান্যাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি গীতিকার হিসেবে তাঁর সৃজনশীল কাজও পরিচিতি পাচ্ছে।
নিজ এলাকার একজন কৃতী সন্তানের লেখা গান সংগীতাঙ্গনে প্রকাশ পাওয়ায় মতলবের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, রাশেদুল হাসান চাঁদের সৃষ্টিশীল পথচলা আরও সমৃদ্ধ হবে এবং তাঁর কাজের মাধ্যমে মতলবের সুনাম ছড়িয়ে পড়বে দেশজুড়ে।