চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা রামদা, তালা কাটার যন্ত্র, লোহার রড ও মুখোশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে মতলব উত্তর থানা পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার গাজীরগাছতলা এলাকায় জনৈক সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানায় এ সংক্রান্ত প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন- মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।
গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পিপিরাকান্দি গ্রামের মৃত হামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র (কাটার), চারটি লোহার রড এবং চারটি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এবং তাদের পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।