সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য
--- খায়রুল হাসান বেনু
তরুণরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভম বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু।
শুক্রবার বিকালে মতলব উত্তরের অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যলয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণরা চাইলে সমাজের অনেক ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে। আমি আশা করি, সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে এবং মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ করবে।
খায়রুল হাসান বেনু বলেন, সুন্দর ও রুচিশীল সমাজ বিনির্মাণে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাদক ও অপসংস্কৃতি রোধে জনসচেতনতা সৃষ্টি ও দেশীয় সংস্কৃতিমুখী প্রজন্ম গড়ে তুলতে এ সংগঠনটি নিরলসভাবে কাজ করবে।
অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও অলিপুর সেবার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টা মোঃ জনি সিকদার, উপদেষ্টা মোঃ হারুন অর রশিদ,
ভারপ্রাপ্ত সভাপতি (সহ-সভাপতি) ইসমাইল হোসেন বেপারী, সমাজসেবক আবু হাসান নান্টু মাস্টার, মিজানুর রহমান ফয়সাল তালুকদার'সহ অন্যান্য সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অলিপুর সেবার আলো যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জনি সিকদার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন।
অসহায় ৫২ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে ফিতা কেটে সংগঠনের উদ্বোধন করেন খায়রুল হাসান বেনু'সহ অতিথিবৃন্দ। সংগঠন, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের নেতারা জানান, অলিপুরের স্বার্থে শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে কাজ করবে। পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।