চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ষাটনল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার রাজিব ষাটনল বেপারী বাড়ির মোঃ হান্নান বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান ও এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান-০৩ সঙ্গীয় ফোর্সসহ ষাটনল এলাকায় মোঃ রাজিবের বসতঘরে অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।