মতলবের কৃতি সন্তান প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বিসিবির পরিচালক নির্বাচিত
চাঁদপুরের মতলবের কৃতি সন্তান প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নবনির্বাচিত পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবার রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে তিনি ক্লাব ক্যাটাগরি থেকে জয়লাভ করেন।
নির্বাচনে ৭৬ জন কাউন্সিলরের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। তার এই অর্জনে মতলবসহ চাঁদপুর জেলার ক্রীড়াঙ্গন ও সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
একই নির্বাচনে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক Tamim Iqbal সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন।
স্থানীয় ক্রীড়া সংগঠক ও শুভাকাঙ্ক্ষীরা জানান, ডাঃ শামীমের এ সাফল্য মতলববাসীর জন্য গর্বের। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং তৃণমূল ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীমের এই সাফল্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।